গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় নির্বাচন গুরুত্বপূর্ণ : আবু সুফিয়ান

3

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহব্বায়ক, চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকে অদ্যাবধি প্রতিটি জাতীয় মহাসংকটে জনগণের পাশে দাঁড়িয়েছে বিএনপি। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আন্দোলন-সংগ্রামে সর্বোচ্চ ভূমিকা রাখা দলটি হলো বিএনপি। দীর্ঘ ১৭ বছর জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি। বিএনপিই একমাত্র রাজনৈতিক দল, যারা জনগণের প্রতিনিধিত্ব করে। জনগণের আস্থা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হলো বিএনপি।
গতকাল জাতীয়তাবাদী গবেষণা পরিষদের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। পরিষদের সভাপতি ড. মোজাফফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পরিষদের সহ সভাপতি খোরশেদুর রহমান, মহিউদ্দিন বাদল, শামসুর রহমান, সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মঈনুদ্দীন, এডভোকেট এরশাদুর রহমান রিটু, জসিম উদ্দিন মামুন, অলিউল্লাহ প্রমুখ। বিজ্ঞপ্তি