গণআকাক্সক্ষা পূরণ হয়েছে : জামায়াত

2

পূর্বদেশ ডেস্ক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণদন্ডের রায়ে দেশের ১৮ কোটি মানুষের গণআকাক্সক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার।
জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে গতকাল সোমবার শেখ হাসিনার মৃত্যুদন্ডাদেশ দিয়েছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ । খবর বিডিনিউজের।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতের নেতা গোলাম পরওয়ার বলেন, জুলাই-অগাস্টের ছাত্র গণ-অভ্যুত্থানের যে ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তন, আমাদের প্রায় ১৪০০ ছাত্র জনতার জীবন। প্রায় ৪০ হাজার ছাত্র-জনতা আহত হয়ে বেঁচে আছেন। তাদের আত্মত্যাগের ঐতিহাসিক অবদানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
এটা বিচারের গুরুত্বপূর্ণ দিন, এই কারণে আমরা বলছি, দেশের ১৮ কোটি মানুষের যে গণআকাক্সক্ষা ছিল এই রায়, ঘৃণ্য মানবতাবিরোধী অপরাধীদের বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের আগে করে যাবেন, এটা আমাদের দাবি ছিল। সেটি পূরণ হয়েছে।
সেখানে শেখ হাসিনা ছাড়াও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। তিনিও তার নেত্রীর মত ভারতে পালিয়ে আছেন।
এ মামলার তিন আসামির মধ্যে সেই সময়ের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছিলেন। সেজন্য ট্রাইব্যুনাল তাকে লঘুদন্ড হিসেবে ৫ বছরের কারাদন্ড দিয়ছে ট্রাইব্যুনাল।
দোর্দন্ড প্রতাপে দেড় দশক দেশ শাসন করা হাসিনা ১৫ মাস আগের ওই অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে এখন পালিয়ে আছেন ভারতে। তিনিই বাংলাদেশের প্রথম সাবেক সরকারপ্রধান, যার মাথার ওপর ঝুললো মৃত্যুদন্ডের খাঁড়া।