খেজুর গাছ থেকে পড়ে প্রাণ হারালেন শিবির নেতা

0

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে খেজুর গাছ থেকে পুকুরে পড়ে এক শিবির নেতার মৃত্যু হয়েছে। তার নাম সাইফুল্লাহ মুনাওয়ার (১৬)। নিহত সাইফুল্লাহ উপজেলার ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মুফতি মাওলানা নুরুচ্ছালামের ছেলে। সে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি ও সুফিয়া নুরীয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর এলাকায় এই ঘটনা ঘটে।
সাইফুল্লাহ মুনাওয়ারের পিতা মুফতি মাওলানা নুরুচ্ছালাম বলেন, আমার বড় ছেলে সাইফুল্লাহ মুনাওয়ার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে খেজুর গাছ পরিচর্যা করার জন্য গাছে উঠে। দুপুর প্রায় ১টার সময় আমি কাজ শেষে বাড়িতে এসে দাওয়াতে যাওয়ার জন্য মুনাওয়ারকে খোঁজ করলে একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহায়তায় পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃব্যরত চিকিৎসক নাজরিন সুলতানা মিতু বলেন, দুপুরে এক কিশোরের লাশ হাসপাতালে নিয়ে আসা হয়। লাশের বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে উঁচু জায়গা থেকে পুকুর পাড়ে পড়ার কারণে আঘাত পেয়ে মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে পুলিশকে খবর দিলে তারা এসে লাশ নিয়ে যান।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।