খুটাখালী তমিজিয়া ফাজিল মাদরাসার নতুন চারতলা ভবনে পাঠদান শুরু

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার নতুন একাডেমিক ভবনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে। কক্সবাজার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক প্রায় তিন কোটি টাকা বরাদ্দে চারতলা বিশিষ্ট এ আধুনিকমানের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষে আনুষ্ঠানিক চাবি হস্তান্তর করে। পরে এ নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়।
২৯ নভেম্বর সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাদরাসা গর্ভনিং কমিটির সভাপতি মাওলানা আবদুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কক্সবাজারের উপ-সহকারী প্রকৌশলী অমিত নাহা, মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে মাদরাসা ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী, অভিভাবক মহল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৯৭০ সালে এলাকায় শিক্ষা প্রসারের অনন্য সোপান হিসেবে খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসাটি চালু হয়েছিল। এলাকাবাসির অনুপ্রেরণায় শিক্ষানুরাগী মাওলানা আফজল আহমদ প্রথমদিকে খুটাখালী জুনিয়র হাইস্কুল নামের শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে এটি মাদ্রাসায় উন্নীত হয়।
খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান বলেন,১৯৭০ সালের মাঝামাঝি সময়ে মাদ্রাসাটি যাত্রা শুরু করে। বর্তমানে এটি খুটাখালী তমিজিয়া ইসলামিয়া মাদ্রাসায় মাদরাসা নামে পরিচিত এবং ফাজিল (ডিগ্রি) বিভাগে উন্নীত হয়েছে।
তিনি আরও বলেন, এতদিন ভবন সংকটের কারণে শ্রেণীকক্ষ অপ্রতুল থাকায় নিরবচ্ছিন্ন পাঠদান কার্যক্রমে নানাধরনের সমস্যা সৃষ্টি হতো। নতুন একাডেমিক ভবন নির্মিত হওয়ায় পাঠদান কার্যক্রমের সংকট কেটে গেছে। এখন শিক্ষক শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে লেখাপড়ার নিশ্চয়তা পেয়ে বেশ খুশি।