খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি

2

পূর্বদেশ ডেস্ক

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি বলেছেন, ‘গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করি। মহান আল্লাহর নিকট তার সুস্থতা এবং একইসঙ্গে দেশবাসীর কাছে তার জন্য দোয়া প্রার্থনা করি’।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে রাষ্ট্রপতি গভীর উদ্বেগও প্রকাশ করেন বলে গতকাল শনিবার তার সহকারী একান্ত সচিব মোহাম্মদ সাগর হোসেনের এক বার্তায় বলা হয়। খবর বিডিনিউজের
বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা ‘অত্যন্ত সংকটময়’ বলে গত শুক্রবার জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘ দিন থেকে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।