হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য দোয়া করা ‘নৈতিক ও ঈমানি দায়িত্ব’ বলে মনে করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
গতকাল রবিবার রাতে ঢাকার বসুন্ধরা এলাকায় এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জামায়াতের সেক্রেটারি। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, জামায়াত আমিরের পক্ষ থেকে তারা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে এসেছেন।
খালেদা জিয়ার সঙ্গে দেশের জনগণের রাজনীতির সম্পর্ক, আন্দোলনের সম্পর্ক থাকার কথা তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী দীর্ঘদিন খালেদা জিয়ার সঙ্গে গণতন্ত্রের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে।
খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় তার জন্য শুভকামনা ও দোয়া জানাতে এসেছেন তুলে ধরে তিনি বলেন, ‘দেশবাসীকে বলব, বেগম খালেদা জিয়ার জন্য আন্তরিকভাবে, তার সুস্থতার জন্য দোয়া করা আমাদের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি’।
এদিকে জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের জেনারেল সেক্রেটারি খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের কাছ থেকে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ অবস্থা অবহিত হন এবং মহান আল্লাহর কাছে তার পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া করেন। খবর বিডিনিউজের
সেক্রেটারি জেনারেলের সঙ্গে ঢাকা-১৭ আসনে জামায়াতের প্রার্থী এসএম খালিদুজ্জামান ছিলেন। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা ও চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শেখ হাসিনা সরকার ‘দায়ী’, বললেন রাশেদ খাঁন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার জন্য বিগত শেখ হাসিনা সরকারকে ‘দায়ী করেছেন’ গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন। গতকাল রবিবার রাতে এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপোষহীন নেত্রী। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন। তিনি আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক। তিনি কখনোই শেখ হাসিনার সাথে আপোষ করেননি। এজন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। আপোষ করলে তাকে জেলে যেতে হতো না। তাকে অসুস্থও হতে হতো না। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার’।
গণঅধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খালেদা জিয়ার শারীরিক অবস্থান খোঁজখবর নিতে রাশেদ খাঁন হাসপাতালে গিয়েছিলেন। তিনি বিএনপি চেয়ারপারসনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।











