পূর্বদেশ ডেস্ক
হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার, যার মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব এসএসএফকে দেওয়ার সুযোগ তৈরি হল। গতকাল সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। খবর বিডিনিউজের।
এর আগে ২০০৮ সালে নির্বাচনের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে কিছু সময়ের জন্য ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছিল ওই সময়ের সেনা সর্মথিত তত্ত¡াবধায়ক সরকার।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকার বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১-এর ধারা ২ (ক) অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করল। এ আদেশ অবিলম্বে কার্যকর করার কথাও বলা হয়েছে প্রজ্ঞাপনে।এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসক ও দলের নেতারা তার অবস্থা সংকটাপন্ন বলে জানাচ্ছেন।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীন থেকে পাঁচ সদস্যের একটি চিকিৎসক দল ঢাকায় এসেছে, তাদের গতকাল রাতে এভারকেয়ার হাসপাতালে ঢুকতে দেখা গেছে।
বিএনপি নেতারা বলছেন, চীন ও সিঙ্গাপুর থেকে আজ আরও কয়েকজন চিকিৎসকের আসার কথা রয়েছে। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকেও একদল জ্যেষ্ঠ চিকিৎসক বসুন্ধরার ওই বেসরকারি হাসপাতালে এসেছেন, যেখানে সাবেক সেনাপ্রধান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে।










