খাগড়াছড়িতে ডাকসু ভিপি আবু সাদিক কায়েমকে গণ-সংবর্ধনা

1

খাগড়াছড়ি প্রতিনিধি

নিজ জেলা পার্বত্য খাগড়াছড়িতে ব্যাপক গণ-সংবর্ধনায় অভ্যর্থনা পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েম। বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলা শহরের মুক্তমঞ্চে খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এসময় তরুণদের স্লোগান, উচ্ছ্বাস আর উপস্থিতিতে পুরো মাঠ উৎসবে পরিণত হয়।
আলোচনা সভায় ভিপি সাদিক কায়েম বলেন, “জুলাই আন্দোলনে তরুণরাই সামনে ছিল। তরুণ প্রজন্ম আর কোনো জুলুমবাজ, চাঁদাবাজ বা টেন্ডারবাজকে ভয় করে না।” তিনি সতর্ক করে বলেন, সামনে কেউ নির্যাতন, টেন্ডারবাজি বা ফ্যাসিবাদি আচরণ করলে তাকে জনগণের রোষের মুখে পড়তে হবে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, “ভয়ভীতি বা টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি নতুন বাংলাদেশে চলবে না। কেউ বাধা দিলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত মনোনীত এমপি এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের নেতা-কর্মীরা।