ক্ষতিগ্রস্তদের পাশে সালাহউদ্দিন আহমদ

1

পেকুয়া প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল সোমবার বিকেলে বিএনপির তাঁর প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম পেকুয়া সদর ইউনিয়নের সরকারিঘোনা এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬টি পরিবারের মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা সহায়তা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পেকুয়া সদর পূর্বজোন বিএনপির সভাপতি আবু বক্কর, যুবদলের আহব্বায়ক কামরান জাদীদ মুকুট, স্বেচ্ছাসেবকদলের আহব্বায়ক আহসান উল্লাহ, ছাত্রদলের আহব্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরীসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।
মো. ছফওয়ানুল করিম জানান, গত শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি বসতবাড়ি পুড়ে যায়। এরপর পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি ও চেয়ারম্যান বাহাদুর শাহ ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করেন। আগামিকাল (আজ) যুবদল ও স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করবেন। পর্যায়ক্রমে ইউনিয়ন বিএনপি ও ছাত্রদলের উদ্যোগে আর্থিক সহায়তা করা হবে। তিনি আরও জানান, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তরা অসহায় ও গরীব হওয়ায় সকলকে আর্থিক সহায়তায় এগিয়ে আসার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।