ক্যাম্পাসে ‘চাষের আড়ালে’ চোলাইমদ তৈরি, আটক ১

2

পূর্বদেশ ডেস্ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘চাষাবাদের আড়ালে’ চোলাই মদ তৈরির অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পেছনে গ্রীনহাউস ব্রিজের উত্তর পাশে একটি জমিতে তৈরি করা ঘর থেকে, সোমবার গভীর রাতে তাকে আটক করা হয় বলে সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন জানিয়েছেন। গ্রেপ্তার হওয়া ৫৫ বছর বয়সী সুমন চাকমা বিশ্ববিদ্যালয় থেকে বর্গা নেওয়া জমিতে চাষাবাদ করতেন। খবর বিডিনিউজের
সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘জীববিজ্ঞান অনুষদের পুকুরপাড়ে বহিরাগতদের আনাগোণা ও কিছু শিক্ষার্থীর নিয়মিত যাতায়াত দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে নজরদারি শুরু করে। চোলাই মদ বিক্রির বিষয়টি নিশ্চিত হয়ে রাতে পুলিশ নিয়ে সেখানে অভিযান চালিয়ে সদ্য তৈরি করা প্রায় ৩০ লিটার মদ, তৈরির সরঞ্জাম জব্দ করা হয়’।
সহকারী প্রক্টর কানন বলেছেন, জব্দ করা মদ বিভিন্নজনকে সরবরাহ করার জন্য প্রক্রিয়াজাত করা হচ্ছিল।পাশাপাশি ঘর থেকে মদ বিক্রির হিসেবের একটি বইও তারা জব্দ করেছেন।
আটক সুমন জঙ্গল থেকে বন্য শুকর, হরিণ, বন মুরগিসহ বিভিন্ন বন্যপ্রাণী শিকার করে মাংস বিক্রি করতেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন বলে সহকারী প্রক্টর কাননের ভাষ্য।