কুতুবদিয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে কৈয়ারবিল ইউনিয়নের বড় মৌলভী পাড়ায় এই ঘটনা ঘটে। তারা হচ্ছে মো. আবদুল্লাহ (১) ও জোসনা বেগম (৮)। তারা আপন খালাত ভাই-বোন। উভয়ের বাড়ি বামু উপজেলায়। তাদের পরিবারের সদস্যরা কৈয়ারবিল এলাকায় শুঁটকি শ্রমিক হিসেবে নিযোজিত।
স্থানীয়রা জানান, সকালে আবদুল্লাহ বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তা দেখে চিৎকার দিয়ে জোসনা তাকে বাঁচাতে পুকুরে ঝাঁপ দেয়। এরপর দুজনই পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাদেরকে পুকুরে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদেরকে মৃত ঘোষণা করেন।
কুতুবদিয়া থানার ওসি আরমান হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়ে অবগত আছেন বলে জানান।










