পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের কুতুদিয়া চ্যানেল পাড়ি দিয়েছেন ১৮ বছর বয়সী তরুণসহ ১০ সাঁতারু। গতকাল শনিবার বেলা ১১ টায় পেকুয়ার মগনামা লঞ্চঘাটের উত্তর পাশ শরৎ ঘোনা থেকে এ সাঁতার শুরু হয়। ১০ জনের মধ্যে ৪ জন পুরো দূরত্ব সফলভাবে সাঁতরাতে পেরেছেন।
এর আগে সকাল পৌনে ১১ টায় কুতুবদিয়া চ্যানেল সুইমিং উদ্বোধন করেন পেকুয়া উপজেলা সহকারী কমিশনার এএসএম নূরুল অক্তার নিলয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং (বোয়াস)-এর উপদেষ্টা মোহাম্মদ শিমুল চৌধুরী। ইভেন্টটির টাইটেল স্পনসর ছিলেন ‘পাহাড় থেকে ডট কম’। খরস্রোতা কুতুবদিয়া চ্যানেল জয় করলেন দেশের বিভিন্ন জেলার ১০ জন কৃতী সাঁতারু। তাদের মধ্যে সবার আগে টানা একঘণ্টা ৪ মিনিট সাঁতার কেটে দুপুর ১২টা ৪ মিনিটে গন্তব্য স্থান দ্বীপাঞ্চল কুতুবদিয়ার দরবার জেটিতে পৌঁছান ১৮ বছর বয়সী রাব্বি রহমান। প্রথমবারের মতো চ্যানেল পাড়ি দেওয়ার এটাই তার দ্রæততম সময়। এক ঘণ্টা ৬ মিনিট টানা সাঁতার কেটে দ্বিতীয় হন নাজমুল হক।
এ টিমের তৃতীয় সাঁতারু হিসেবে শ্বাসরুদ্ধকর মুহুর্তে এক ঘণ্টা ৭ মিনিটে কুতুবদিয়া গিয়ে মাটি ছুঁয়ে নেন এস আই এম ফেরদৌস আলম। সাড়ে ৫ কি. মি. এই চ্যানেলটি পাড়ি দেওয়ার লক্ষ্য ছিল এক ঘণ্টা।
গণমাধ্যম কর্মীদের এমনটাই জানালেন সাঁতারু এস আই এম ফেরদৌস আলম। তিনি বলেন, চ্যানেলের প্রথমে অর্ধেক পাড়ি দেওয়াটা সহজ ছিল। বাকী অংশটা ছিল অনেকটাই কঠিন। আসলে এগুলি দুঃসাহসিক অভিযান। এছাড়া আমি এ পর্যন্ত সাতবার বাংলা চ্যানেলে পাড়ি দিয়েছি। আমাদের এই চ্যানেল সুইমিং এর মূল লক্ষ্য হল পানিতে ডুবে মৃত্যুর হার কমাতে সচেতনতা তৈরি করা, সুইমিং প্রতি মানুষের আগ্রহ বাড়ানো, পানি দূষণরোধ ও নদী ভিত্তিক পর্যটনকে উৎসাহিত করা।
এদিকে অভিযানকে সার্বিক তদারকি ও সাগর পাড়ি দিতে যেকোন ধরনের ঝুঁকি মোকাবেলায় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ ওপেন ওয়াটার সুইমিং এর পক্ষ থেকে কুতুবদিয়া চ্যানেলে নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল। ইঞ্জিন চালিত ৪টি বোট সাঁতার অভিযানে সার্বক্ষণিক পর্যবক্ষণে নিয়োজিত ছিল। বিশেষ করে গণমাধ্যমকর্মী, দক্ষ স্কাউট টিমও এ অভিযানকে সহায়তা করতে কুতুবদিয়া চ্যানেলে অবস্থান সুসংহত করে। সাঁতার অভিযানে অংশ নেওয়া ১০ জন হলেন ফাহিম আহমেদ খান, নাছির আহমেদ, খন্দকার শওকত ওসমান, মো. নাজমুল হক, এস আই এম ফেরদৌস আলম, আব্দুল্লাহ আল সাবিত, রাব্বি রহমান, মো. মোজ্জিম হোসেন, মোহামদ তাইএয়ার ও মো. আল আমিন।











