কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে নিহত ১

2

কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটি জেলার কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্যহাতির আক্রমণে ঝর্ণা চাকমা (৭০) নামের এক বৃদ্ধা নারীর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল রবিবার বিকালে কাপ্তাই-আসামবস্তী সড়কের রিজার্ভ ফরেস্টের কামিলাছড়ি বিট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সুবিতা চাকমা নামে আরো একজন বৃদ্ধা নারী আহত ও দুইটি সিএনজি অটোরিকশা, ১টি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে। নিহত ঝর্ণা চাকমা মগবান গোলাছড়ি এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন। তিনি জানান, ঘটনারদিন সকাল থেকেই কাপ্তাই-আসামবস্তী সড়কে বন্য হাতির দলের আনাগোনার খবর পাওয়া যায়। বিকালের দিকে খবর আসে বন্য হাতির আক্রমণে একটি সিএনজি অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বনবিভাগের কর্মচারী, হাতি রেসপন্স টিম, ফায়ার সার্ভিসের সদস্যসহ সম্মিলিতভাবে উদ্ধার কার্যক্রমে গেলে সড়কটির কামিলাছড়ি এলাকায় দেখা যায়- একটি সিএনজি অটোরিকশাকে ব্যাপক ক্ষতিগ্রস্ত করে ঘিরে রেখেছে হাতির দল। দ্রুততার সাথে অটোরিকশায় থাকা দু’জন বৃদ্ধা নারীকে আহত অবস্থায় পাওয়া যায়। এরমধ্যে একজন মাথায় জখম হয়ে গুরুতর আহত এবং অপরজনকে সড়কের পাশে খাদে পড়ে থাকতে দেখা যায়। পরে তাদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়।
এছাড়াও বনবিভাগের কর্মচারীরাও উদ্ধার করতে গিয়ে বন্য হাতির আক্রমণের ঝুঁকিতে পড়ে। পরে কাপ্তাই ১০ আরই সেনাবাহিনীর সহযোগিতায় সবাইকে উদ্ধার করা হয়।
এদিকে ক্ষতিগ্রস্ত সিএনজি অটোরিকশাসহ সকলকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের ব্যবস্থা করা হচ্ছে বলে বন কর্মকর্তা ওমর ফারুক স্বাধীন নিশ্চিত করেছেন।