কাজেম আলী স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকরা দাবি করেছেন, শিক্ষাবোর্ডের বিতর্কিত সিদ্ধান্তে পুনঃনিযুক্ত সাবেক এডহক কমিটির স্বেচ্ছাচারী সভাপতি নুরুল আবছার মজুমদার ওরফে স্বপন মজুমদার তার অপতৎপরতা অব্যাহত রাখতে নজিরবিহীন মিথ্যাচারে লিপ্ত হয়েছেন। এর আগে তিনি নিজের ফেসবুক পোস্টে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বোরহান উদ্দিন চৌধুরীকে ফ্যাসিস্টের দোসর এবং সকল শিক্ষককে দুর্নীতিবাজ শিক্ষক হিসেবে আখ্যা দিয়ে তাঁদের মানহানি করার চেষ্টা করেছেন। শিক্ষকদের সততা ও নিষ্ঠাকে চ্যালেঞ্জ করা তার চরম ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। এর সর্বশেষ জঘন্য ঘটনা হলো- গত ১৬ অক্টোবর চট্টগ্রাম প্রেস ক্লাবে সচেতন অভিভাবক ফোরাম নামে ব্যানার টাঙ্গিয়ে তিনি দুইজন ব্যক্তিকে (যাদের কেউ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীর অভিভাবক নয়) পাশে বসিয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বক্তব্য প্রদান করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিভিন্ন বিষয়ে সম্পূর্ণ মিথ্যার আশ্রয় নিয়েছেন। শিক্ষকরা দুর্নীতিমুক্ত এবং প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ। তারা শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে অবিলম্বে এই বিতর্কিত ও পুনঃনিযুক্ত এডহক কমিটির সভাপতির পুনর্বহাল বাতিল করে একজন সৎ, যোগ্য ও শিক্ষাবান্ধব এডহক কমিটির সভাপতি মনোনয়ন দিতে জোর দাবি জানান। বিজ্ঞপ্তি










