কর্ণফুলী প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা, অপহরণ, চাঁদাবাজিসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি নুর আকতার সাজু (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামিউর রহমানের নেতৃত্বে উপজেলার শিকলবাহা মাস্টারহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর আকতার সাজু উপজেলার শিকলবাহা ২নং ওয়ার্ডের মাস্টারহাট এলাকার হাজী নেয়ামত আলীর বাড়ির মৃত আবুল কালামের ছেলে।
আসামি নুর আকতার সাজুর সশস্ত্র হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘ দুই মাস হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন জহুর আহমদ। বাড়ি ফিরলেও জহুর আহমদকে হারাতে হয়েছে তার হাতের এক আঙ্গুল, সাজুর এলোপাতাড়ি রামদায়ের কোপে অবশ হয়ে গেছে আহত জহুর আহমদের এক হাত।
তিনি জানান, আমাকে সাজু ও তার দল গত ২৭ জুলাই রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে চরলক্ষ্যা ইউপির ৩নং ওয়ার্ডের উত্তর চরলক্ষ্যা প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। হাতে থাকা রামদা দিয়ে প্রকাশ্যেই এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে আমার চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে দীর্ঘ প্রায় দুই মাস চিকিৎসা নিলেও আমার এক হাত অবশ ও একটি আঙ্গুল কেটে ফেলতে হয়।
কর্ণফুলী থানা পুলিশ সূত্রে জানা গেছে, আসামি নুর আকতার সাজু তালিকাভুক্ত কিশোর গ্যাং লিডার। সে কর্ণফুলী উপজেলার নানা অপকর্মের সঙ্গে জড়িত। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা করলেও ধরতে পারছিল না। সোমবার মাস্টারহাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরীর চান্দগাঁও থানা, কর্ণফুলী থানায় একাধিক মামলা রয়েছে।
কর্ণফুলী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম পূর্বদেশকে জানান, নুর আকতার সাজু নামে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।











