কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের অবহিতকরণ সভা

1

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার এর কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের নতুন প্রকল্পের সূচনা অবহিতকরণ সভা ৩০ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় রাঙ্গুনিয়া, কাপ্তাই, বিলাইছড়ি ও রাজস্থলীতে কর্মরত সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, এনজিও কর্মী এবং প্রকল্পের উপকারভোগীরা অংশ নেন। সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন।
তিনি বলেন, চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল এবং কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগাম সুনামের সাথে এতদঞ্চলে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। তৃণমূল পর্যায়ে তাঁরা সরকারি হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছেন। প্রকল্পের মাধ্যমে জনগণ আরোও সেবা পাবে বলে আমি আশা করছি।
সভায় সভাপতিত্ব করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং। কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ফ্যাসিলিটিটর উ সং বাই মারমার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ার এর সহকারী প্রোগাম ম্যানেজার জেনিফার অজন্তা তঞ্চঙ্গ্যা। অবহিতিকরণ সভার শুরুতে প্রকল্পের উপর একটি ভিডিওচিত্রের মাধ্যমে প্রকল্পের কার্যক্রম অবহিত করেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমা।
চলতি বছরের জুলাই মাস হতে নতুন প্রকল্পের কার্যক্রম হাতে নেওয়া হয়। আগামী তিন বছর এই প্রকল্পের কার্যক্রম চলবে। প্রকল্প বাস্তবায়নে খ্রীস্টিয়ান হাসপাতালের সাথে বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ার অংশীজন হিসেবে কাজ করবে।- রাঙ্গুনিয়া প্রতিনিধি