পূর্বদেশ ডেস্ক
কক্সবাজার সদর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক করে পুলিশে দিয়েছে বিমানবাহিনীর টহলদল। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার ডায়াবেটিকস পয়েন্ট সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।
আটক গোলাম মন্ডল (৬০) ডায়াবেটিকস পয়েন্ট এলাকায় একটি জমি দেখভালের দায়িত্ব পালন করেন। তিনি টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী স্থানীয় হুমায়ুন ইসলাম বলেন, সকালে ঝাউবনের ভেতর হাঁটছিলাম। এ সময় দেখি ওই বৃদ্ধ একটি মেয়ের সঙ্গে অনৈতিক অবস্থায় আছেন। তাৎক্ষণিক মোবাইল ফোনে ঘটনার ভিডিও ধারণ করি। পরে বিষয়টি বিমানবাহিনীর টহলদলকে জানাই। তারা এসে বৃদ্ধকে আটক করে নিয়ে যায়। খবর বিডিনিউজের।
বিমানবাহিনীর কক্সবাজার নিরাপত্তা ইউনিটের অধিনায়ক স্কোয়াড্রন লিডার জাহিদ বলেন, প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বিষয়টি জানালে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে গোলাম মন্ডলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করি। প্রাথমিক তদন্তে ঘটনার কিছুটা সত্যতা পাওয়া গেছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার খবর দেওয়া ব্যক্তির প্রশংসা করে জাহিদ বলেন, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি খবরটি দিয়েছেন। এজন্য তাকে ধন্যবাদ। আমরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করছি। ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি।
ভুক্তভোগী শিশুটির মা বলেন, আমার মেয়েকে ঝাউবনে নিয়ে ছুরি দেখিয়ে ওই বৃদ্ধ অন্যায় কাজ করেছে। আমি গরিব মানুষ, মেয়েকে স্কুলে দিতে পারিনি। আমি এ ঘটনার বিচার চাই।
ওসি ইলিয়াস খান বলেন, ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।











