লোহাগাড়া প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেছেন, দেশকে শিরক-বিদআত মুক্ত করা এবং প্রকৃত ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে কওমি ঘরানার আলেম ও মাদ্রাসাসমূহ অপরিবর্তনীয় ভ‚মিকা রেখে চলেছে। কওমি শিক্ষা দেশের ঈমানি শক্তির প্রধান ভিত্তি। গ্রামগঞ্জে কওমি মাদ্রাসার বিস্তারের ফলে সাধারণ মানুষ প্রকৃত ইসলাম সম্পর্কে সচেতন হয়েছে। কওমি শিক্ষার মাধ্যমে আলেম, হাফেজ, মুহাদ্দিস ও চরিত্রবান মানুষ তৈরি হচ্ছে, যা সমাজকে সঠিক পথে পরিচালিত করছে। আলেমদের ত্যাগ ও দাওয়াতি প্রচেষ্টার কারণেই ইসলামী চিন্তা-চেতনা আজও জীবন্ত আছে।
গতকাল সোমবার দুপুরে লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের উকিলের পাড়ায় জামিয়া ইবনে আব্বাস (রা.) মাদ্রাসা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এসময় মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুহাদ্দিস মুহাম্মদ শোয়াইব, উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নুরুল আফসার চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার আবদুস সালাম, সহ-সভাপতি রফিক দিদার, লোহাগাড়া সদর ইউনিয়নের আমীর মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন, নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিন, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান, প্রবীণ রাজনীতিবিদ ফজলুল হক আজাদসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর ও ঈমানি আবহে পরিপূর্ণ।










