ওসিকে ‘চিঠি দিয়ে’ আ. লীগ ছাড়ার ঘোষণা

1

গোপালগঞ্জের মুকসুদপুর থানার ওসির কাছে চিঠি দিয়ে মহারাজপুর ইউনিয়ন পরিষদের সাত সদস্য আওয়ামী লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন। আবেদনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তবে এ ধরনের কোনো আবেদন পাওয়ার কথা অস্বীকার করেছেন মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল। গত সোমবার ওসি মোস্তফা কামালের কাছে ওই সাত ইউপি সদস্য চিঠি দেন। একটি চিঠিতে সবাই স্বাক্ষর করেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। খবর বিডিনিউজের
পদত্যাগকারী ইউপি সদস্যরা হলেন মহারাজপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মো. কবির মোল্যা, ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহিদুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ঈমান আলী, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. সাদিকুর রহমান সাদেক, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মজিবর ফকির, সংরক্ষিত ১, ২, ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রেহানা আক্তার লাকী এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য হেনা আক্তার।
আবেদনে তারা বলেন, আমরা নিম্ন স্বাক্ষরকারী ৮ নম্বর মহারাজপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা লিখিতভাবে আপনাকে অবগতি করছি, আমরা বাংলাদেশ আওয়ামী লীগ মুকসুদপুর শাখার কোনো প্রকার কার্যক্রমে বর্তমানে জড়িত নই এবং ভবিষ্যতে থাকব না।
ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, এভাবে ওসির কাছে আবেদন দেওয়াটা উচিত হয়নি। এটি একটি সঠিক প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত ছিল। আমরা সে বিষয়ে আলাপ-আলোচনা করছি। আরেক ইউপি সদস্য কবির মোল্যা বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে আওয়ামী লীগ একটি নিষিদ্ধ দল। তাই এ দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলে হয়ত আমাদের পরিষদ থেকে দূরে থাকতে হতে পারে। এতে জনগণের ভোগান্তি হতে পারে। এমন ধারণা করে আমরা ওসির কাছে আবেদন করেছি। আওয়ামী লীগের সঙ্গে আর সম্পৃক্ত থাকব না।
আবেদন পাওয়ার কথা অস্বীকার করে মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল বলেন, ওই সাত ইউপি সদস্য থানায় এসেছিলেন। তাদের কাছে এলাকার খোঁজ-খবর নিলে তারা জানান, এলাকার পরিস্থিতি ভালো রয়েছে। তবে আমি কোনো আবেদন পাইনি। তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছেন কিনা, তা আমার জানা নেই।