ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

1

রাঙ্গুনিয়া প্রতিনিধি

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে আল খয়ের নামক জায়গায় এই ঘটনা ঘটে। নিহতের নাম সঞ্জিব দাশ (৪৩)। তিনি উপজেলার শিলক ইউনিয়নের ৬নং ওয়ার্ড নটুয়ারটিলা গ্রামের দাশ পাড়া এলাকার লাল মোহন দাশের ছেলে।
খবরের সত্যতা নিশ্চিত করে তার সাথে ওমানের একই এলাকায় থাকা মোহাম্মদ ওবায়দুল হক জানান, নিহত সঞ্জীব দীর্ঘ বছর ধরে ওমানে ফ্রি ভিসায় থাকেন। কার্পেন্টার কাজসহ যখন যা পান তা নিজের একটি সাইকেল যোগে গিয়ে করে দিয়ে আসেন। এভাবেই চলছে দীর্ঘ বছরের তার কর্মজীবন। সোমবার বেলা ১২টার পর তিনি সাইকেল চালিয়ে কাজ থেকে ফিরছিলেন। এসময় দ্রুতগামী একটি স্কুল বাস তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে গিয়ে পাশের সড়ক ওয়ালের সাথে ধাক্কা খান। এতে তার মাথা থেতলে যায় এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বর্তমানে তার নিথর দেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং দেশে পাঠানোর প্রক্রিয়া চালানো হচ্ছে বলে জানান তিনি।
এদিকে প্রবাসে সঞ্জীব দাশের এমন মৃত্যুর খবরে দেশে তার পরিবারে চলছে শোকের মাতম, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সকলের কাছে শান্ত স্বভাবের পরোপকারী হিসেবে পরিচিত সঞ্জীবের এমন মৃত্যু যেনো কেউই মেনে নিতে পারছেন না। ইতোপূর্বে মাকে হারানো সঞ্জীবের পরিবারে রয়েছে বাবা আর ভাই। নিজের সংসারে রয়েছে স্ত্রী ও তিন কন্যা সন্তান। মাত্র ৫-৬ মাস আগে ছুটি কাটিয়ে গিয়েছিলেন তিনি।