শিশুদের সুস্থ, কর্মক্ষম ও মেধাবী হিসাবে গড়ে তুলতে ভেজালমুক্ত নিরাপদ খাবারের বিকল্প নেই। খাদ্যে ভেজাল মিশ্রণ ও বিষক্রিয়ার কারণে শিশুরা লেখাপড়া অমনোযোগী হয়ে শিক্ষক ও অভিভাবকদের অবাধ্য হয়ে যাচ্ছে। যা মেধাবী জাতি গঠনের পক্ষে বড় অন্তরায়। অনিরাপদ ও ভেজাল খাদ্য বিপণনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ১২ নভেম্বর এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার বিষয়ক জনসচেতনতামূলক প্রচারণা কর্মসূচিতে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে মূল বক্তব্য দেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ফারহানুল ইসলাম। ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সংগঠক রাসেল উদ্দীনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, দৈনিক পূর্বদেশের বার্তা প্রধান আবু মোশারফ রাসেল, এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ ওসমান সরোয়ার, ক্যাব চান্দগাঁও থানা সভাপতি মো. জানে আলম, আইএসডিই বাংলাদেশের মনিটরিং অফিসার সুপম বড়ুয়া, ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের যুব গ্রæপের সদস্য আবরার করিম নেহাল, সালমান রশিদ অভি প্রমুখ। প্রচারণা কর্মসুচিতে নিরাপদ খাবার নিশ্চিত, অনিরাপদ খাবার বর্জন, হাত ধোয়া, প্লাসিক পণ্য বর্জন, পরিস্কার পরিচ্ছন্নতা বিষয়ে কোমলমতি শিশুদের করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও শিশু, তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে করণীয় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, চট্টগ্রাম শহরের অনেক নামি দাবি খাবারের রেস্তোরাঁ, মিস্টির দোকান, বেকারীসহ নানা প্রতিষ্ঠানে যখনই ভোক্তা বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে, তখনই নানা ধরনের ভয়ংকর তথ্য বের হয়ে আসছে। কিন্তু অভিযান শেষে আবারও আগের অবস্থায় ফিরে যাচ্ছে। সেকারণে নিরাপদ খাদ্যের ঝুঁকিতে চট্টগ্রাম মহানগরী। বিজ্ঞপ্তি











