ফুটবল লিগ ও অন্যান্য খেলার পথ ধরে এবার ক্রিকেটে মাসের সেরা পারফরমার বাছাই করবে আইসিসি। এই জানুয়ারি থেকেই শুরু হচ্ছে আইসিসির নতুন স্বীকৃতি ‘প্লেয়ার অব দা মান্থ’ বা মাসসেরা খেলোয়াড়। ছেলে ও মেয়ে, দুই বিভাগে থাকবে মাস সেরার আলাদা স্বীকৃতি। আইসিসি ভোটিং একাডেমি ও বিশ্বজুড়ে ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হবে প্রতি মাসের সেরা ক্রিকেটার।
আইসিসি ভোটিং একাডেমিতে থাকবেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। প্রতি মাসেই মাঠের পারফরম্যান্স আর সামগ্রিক অর্জন মিলিয়ে তিনজন ক্রিকেটারের একটি সংক্ষিপ্ত তালিকা করে দেবেন আইসিসি অ্যাওয়ার্ডের নমিনেশন কমিটি। সেই তিনজন থেকে আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট অনুসারীদের যৌথ ভোটে নির্বাচিত হবেন মাসের সেরা। ভোটিং একাডেমি ভোট দেবে ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকেরা ভোট দেবেন আইসিসির ওয়েবসাইটে। সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হবে শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।










