এটি ‘বড় ভূমিকম্পের আগাম বার্তা’

1

পূর্বদেশ ডেস্ক

ঢাকাসহ সারাদেশে অনুভূত ভূমিকম্পটি ‘বড় ভূমিম্পের আগাম বার্তা’ বলে মনে করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী। বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে তিনি এ অভিমত দেন।
মেহেদি আহমেদ আনসারী বলেন, সাধারণত একশ থেকে দেড়শ বছর পরপর একটি অঞ্চলে বড় মাত্রার ভ‚মিকম্প হওয়ার শঙ্কা থাকে। বাংলাদেশ ও এর আশেপাশের কাছাকাছি এলাকায় গত দেড়শ’ বছরে একটি বড় ও প্রায় পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছে।
বাংলাদেশের আশেপাশে সবশেষ বড় ভূমিকম্প সংগঠিত হয়েছিল প্রায় একশ বছর আগে। তাই আরেকটি বড় ভূমিকম্প কাছাকাছি সময়ে হতে পারে এমন শঙ্কা রয়েছে বলে মন্তব্য এই গবেষকের।
বুয়েটের এই অধ্যাপক বলেন, বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করলে ক্ষয়ক্ষতি বেশি হবে এটিই স্বাভাবিক। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া জরুরি। তিনি আশঙ্কার কথা জানিয়ে বলেন, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় শহরগুলোতে অপরিকল্পিতভাবে যে ভবনগুলো গড়ে তোলা হচ্ছে তাতে ক্ষয়ক্ষতির শঙ্কা বেড়েই চলেছে।
গতকাল শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের রেডিও মেকানিক ইকবাল আহমেদ জানান, ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ১৩ কিলোমিটার পূর্বে নরসিংদীর মাধবদীতে ভূ-কম্পনটির উৎপত্তি। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ভূমিকম্পে ঢাকা, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন শিশু। আহত হয়েছেন কয়েক শতাধিক।