পূর্বদেশ ডেস্ক
মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে মৃত্যুদন্ডাদেশ পাওয়া শেখ হাসিনার রায় কার্যকরে এক মাস সময় বেঁধে দিয়েছে চব্বিশের অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নিয়ে গড়া দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের দায়ে গতকাল সোমবার শেখ হাসিনার মৃত্যুদন্ডাদেশ দিয়েছে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সেখানে শেখ হাসিনা ছাড়াও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। তিনিও তার নেত্রীর মত ভারতে পালিয়ে আছেন। খবর বিডিনিউজের।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় বাংলামটরে এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির আহŸায়ক নাহিদ ইসলাম বলেন, গুম এবং গণহত্যার দায়ে দন্ডিত অপরাধী কেবল বাংলাদেশ নয় পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম।
খুনি, রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে। ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার, ফ্যাসিস্ট শাসক রয়েছে, তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ সময় একমাসের মধ্যে রায় কার্যকর করার জন্য সময় বেঁধে দেন অভ্যুত্থানে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এ নেতা।
নাহিদ বলেন, আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে।
আমরা মনে করি জুলাই গণহত্যাসহ বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সকল অপরাধ সংগঠিত করেছিল, সেই বিচারের যে আন্দোলন, যে লড়াই, সেটিতে আমরা এক ধাপ এগোলাম। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও মৃতুদÐ কার্যকরের দাবি জানান।










