‘এক বছরেও বিচার শুরু না হওয়া রহস্যজনক’

1

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, যে নৃশংস হত্যাকান্ড সারা বিশ্ব দেখেছে তার বিচার এক বছরে শুরু না হওয়া রহস্যজনক। চার্জশীটভুক্ত সব আসামিকে গ্রেফতার না করায় আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ন্যায়বিচার দ্রুত নিশ্চিত না হলে সমাজে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ শুধু একজন আইনজীবী ছিলেন না, তিনি ছিলেন ন্যায় ও সত্যের পক্ষে এক নির্ভীক কণ্ঠস্বর। তার পৈশাচিকখুন আমাদের মনে গভীর বেদনা সৃষ্টি করেছে। গতকাল বুধবার আইআইইউসি’রআইন বিভাগের ১৯তম ব্যাচের প্রাক্তন ছাত্র, আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আইআইইউসি-তে দোয়া অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জোহর নামাজের আইন বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন আইআইইউসি কেন্দ্রীয় মসজিদের খতিব এবং হাদীস বিভাগের প্রফেসর ড. শফিউল আলম ভ‚ঁইয়া। উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর ড. মাইমুল আহসান খান এবং আইআইইউসি’র এডিশনাল রেজিস্ট্রার মুহাম্মদ সোলাইমান মিয়া ও মোহাম্মদ আমানউল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে আইআইইউসি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী আরও বলেন, জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আলিফ হত্যাকান্ডের দ্রুত বিচার সম্পন্ন করা শুধু তাঁর পরিবারের প্রতি দায়বদ্ধতার বিষয় নয়, বরং এটি দেশের বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা পুনরুদ্ধারের অন্যতম শর্ত। ন্যায়বিচার নিশ্চিত না হলে সমাজে কোনোভাবেই স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। শহীদ অ্যাডভোকেট আলিফের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আইআইইউসি পরিবার শুধু শোক প্রকাশেই সীমাবদ্ধ নয়। আমরা এই পরিবারকে নৈতিক, সামাজিক এবং শিক্ষাগত সহায়তা দেওয়ার জন্য অঙ্গীকারবদ্ধ। এদিকে বুধবার বিকালে ‘ল’ ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়। স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান। এছাড়া সাইফুল ইসলাম আলিফের শিক্ষক, সহকর্মী ও ‘ল’ ডিপার্টমেন্টের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের নামে একটি বিশেষ কর্নার স্থাপন এবং ভবিষ্যতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কন্যা সন্তানকে বিশ্ববিদ্যালয়ে ফুল-ফ্রি স্কলারশিপ দেওয়ারও প্রস্তাব করা হয়। বিজ্ঞপ্তি