পূর্বদেশ ডেস্ক
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যেসব রাজনৈতিক দল গণহত্যায় যুক্ত ছিল দল হিসেবে তাদের বিচার চেয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গণহত্যার বিচারের ক্ষেত্রে এনসিপি ‘একপাক্ষিক’ অবস্থান নিতে না পারার কথাও বলেছেন তিনি। সোমবার রাতে এনসিপি আয়োজিত সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন এ কথা বলেন। খবর বিডিনিউজের।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধের এক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদন্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের উদ্যোগের কথাও সরকারের তরফ থেকে বলা হচ্ছে। বিচার না হওয়া পর্যন্ত ইতোমধ্যে আওয়ামী লীগ ও তার সব সংগঠনের কার্যক্রমে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
তার আগে একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে এই ট্রাইব্যুনালের রায়ে জামায়াতে ইসলামীর কয়েকজন নেতার ফাঁসি কার্যকর করা হয়েছে বিগত আওয়ামী লীগের আমলে। দল হিসেবেও জামায়াতের বিচার প্রক্রিয়া শুরুর আলোচনা চলছিল তখন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন বলেন, প্রশাসনকে হুমকি দিয়ে একটি দলের ‘আন্ডারে’ নেওয়ার চেষ্টা করছে। আমরা সেখানে প্রশ্ন রাখবো। শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, আমরা দলীয়ভাবে আওয়ামী লীগের বিচারের জন্য গণমিছিল করেছি।
একাত্তর সালে কী বাংলাদেশে ‘জেনোসাইড’ হয়নি? ‘জেনোসাইডের’ জন্য তো অনেক পক্ষ দায়ী ছিল, ‘জেনোসাইডের’ অভিশাপকে তো আপনি এড়াতে পারবেন না। আমরা চব্বিশের ‘জেনোসাইডের’ জন্য যেমন দল হিসেবে আওয়ামী লীগের বিচার চাচ্ছি। একাত্তর সালে যেসব দল ‘জেনোসাইডের’ সাথে সম্পৃক্ত ছিল আমরা তাদেরও বিচার চাচ্ছি। আমরা একপাক্ষিক হতে পারবো না।
বংশ পরিচয় নিয়ে বিএনপির এক প্রার্থীর বক্তব্যের জবাবে এনসিপির এই নেতা বলেন, দেবীদ্বারে হাসনাত আব্দুল্লাহর বংশ পরিচয় নিয়ে বিএনপির এক প্রার্থী কথা বলেছেন। যাদের বংশ পরিচয় চাঁদাবাজি, সন্ত্রাস, যাদের বংশের সাথে লেগে রয়েছে দুর্নীতি, তারা আবার আমাদের বংশ পরিচয় জিজ্ঞেস করেন।
আমাদের বংশ পরিচয় তাদেরকে জানানোর জন্য স্পষ্ট বলছি, আমরা বাংলাদেশে একটি সংস্কারের বংশ চাই। আমাদের বংশ পরিচয় হল যারা বাংলাদেশে চাঁদাবাজি চায় না, দুর্নীতি চায় না।
দুই দিনব্যাপী এনসিপির মনোনয়নপ্রত্যাশিদের সাক্ষাৎকারের বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে দলটি।
এনসিপি স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে তুলে ধরতে চেয়েছে দাবি করে নাসীরুদ্দীন বলেন, আমরা দেখেছি যদি কেউ মগবাজার বা গুলশানে হাজিরা দেয়, তাহলে তার ‘সিট কনফার্ম’ হয়ে যায়। আমাদের এখানে নি¤œ মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই আবেদন করেছে। আমাদের সঙ্গে মতবিনিময় করেছে।











