নিজস্ব প্রতিবেদক
টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) অ্যাপ ব্যবহার করে শতভাগ অনলাইনে গেট পাস ইস্যু করার রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। গত ২৮ নভেম্বর মোট ৬ হাজার ৭১৭টি গেট পাস ইস্যু করা হয়েছে, যার মধ্যে কনসাইনি গেট পাস ৪ হাজার ৮০৩টি এবং অফ-ডক গেট পাস ১ হাজার ৯১৪টি।
এর আগে চট্টগ্রাম বন্দর গত ১৮ নভেম্বর এক দিনে ৬ হাজার ৩০১টি গেট পাস ইস্যু করে রেকর্ড গড়ে। এর মধ্যে রয়েছে ৪ হাজার ৭৩৪টি কনসাইনি গেট পাস এবং ১ হাজার ৫৬৭টি অফডক গেট পাস।
সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার ফল হিসেবে চট্টগ্রাম বন্দর প্রতিদিনই নতুন সাফল্যের পথে এগিয়ে যাচ্ছে। দেশের সর্ববৃহৎ সমুদ্রবন্দর হিসেবে জাতীয় বাণিজ্য প্রবাহ, আমদানি-রপ্তানি কার্যক্রম ও অর্থনৈতিক উন্নয়নে বন্দরটির অবদান দীর্ঘদিন ধরে অপরিবর্তনীয় এবং এখন আরও দৃঢ়ভাবে প্রতিফলিত হচ্ছে। অপারেশন ব্যবস্থাপনা, ডকুমেন্ট প্রসেসিং ও কন্টেইনার হ্যান্ডলিংয়ে দ্রুততা ও স্বচ্ছতা বৃদ্ধির মাধ্যমে ডিজিটাল অপারেশন এখন বন্দরের কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে।
চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানান, টিওএস (টার্মিনাল অপারেটিং সিস্টেম) অ্যাপ ব্যবহার করে শতভাগ অনলাইনে ২৮ নভেম্বর মোট ৬,৭১৭টি গেট পাস ইস্যু করে পূর্বের রেকর্ড ভেঙেছে চট্টগ্রাম বন্দর। এটি পূর্বের সাফল্যকে ছাড়িয়ে নতুন মাইলফলক হিসেবে রেকর্ড তালিকায় যুক্ত হলো।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ টার্মিনাল অপারেটিং সিস্টেম (টিওএস) সহ অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে কার্যক্রম আরও আধুনিক, নিয়ন্ত্রিত ও দ্রুতগতির হয়েছে। প্রস্তুতিতে একদিকে যেমন চালকরা পূর্বের তুলনায় আরো কম সময়ে গেট পাস সংগ্রহ করতে পারছেন এবং তেমনি সহজেই বন্দর অভ্যন্তরে প্রবেশ করতে পারছেন। ফলে কন্টেইনার হ্যান্ডলিং ও ট্রেড মুভমেন্ট উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যার সুফল ভোগ করছেন ব্যবসায়ীরা। এছাড়া চট্টগ্রাম বন্দরের এই ধারাবাহিক সাফল্য প্রমাণ করে স্মার্ট পোর্ট বাস্তবায়ন এখন বাস্তবচিত্রে রূপ নিয়েছে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার বজায় থাকলে ভবিষ্যতে আরও বড় অর্জন হবে এবং বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছাবে।










