নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। এ পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের একই দিনে গণভোট আয়োজনের সরকারি সিদ্ধান্ত জনগণের রক্তঝরা গণআন্দোলনকে অবজ্ঞা করার শামিল। জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানের মর্যাদা রক্ষার স্বার্থে জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হওয়া জরুরি, অন্যথায় জনগণ আন্দোলনে নামতে বাধ্য হবে।
গতকাল শুক্রবার দুপুর ২ টায় আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেইটে চট্টগ্রাম মহানগরী জামায়াতের উদ্যোগে আয়োজিত ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, আজকে উপদেষ্টা পরিষদের জন্ম জুলাই বিপ্লবের মাধ্যমে হয়েছে, যারা আজকে উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করছেন তারা জুলাই বিপ্লবের হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে দায়িত্ব পালন করছেন। অথচ জুলাই গণভোটের জন্য তাদের নিকট কোনো বাজেট নেই যা অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের মানুষ একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন চাই না। বাংলাদেশের মানুষ জুলাইয়ের যে ঐতিহাসিক গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থান শতভাগ মর্যাদা দিতে চাই। আর এই গণঅভ্যুত্থান কে যদি শতভাগ মর্যাদা দিতে হয়, জাতীয় নির্বাচনের সাথে গণ ভোটকে ঘুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই, আমরা একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন মানি না মানবো না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও নগর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফুর রহমান, চট্টগ্রাম- ১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম প্রমুখ।
উক্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম- ৯ আসনের সংসদ সদস্যপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক, চট্টগ্রাম- ৮ আসনের সংসদ সদস্যপ্রার্থী ডা. আবু নাছের, নগর কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন প্রমুখ।
বিক্ষোভ মিছিলে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে আসা নেতাকর্মী ও সাধারণ জনগণ অংশ নেন। শান্তিপূর্ণভাবে মিছিলটি আন্দরকিল্লা এলাকা প্রদক্ষিণ করে চকবাজার অলি খাঁ মোড় সমাবেশের মাধ্যমে শেষ হয়।











