উদ্দেশ্যমূলক হামলা করেছে বিএনপি

6

আসকার দিঘীর পাড় এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষ করে বিএনপির কার্যালয়ের সম্মুখের রাস্তা পার হওয়ার সময় বিএনপির নেতা-কর্মীরা উস্কানীমূলক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেছেন দলটির নেতারা।
লিখিত বক্তব্যে ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া বলেন, আমাদের নেতা-কর্মীরা নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণা শেষ করে যাওয়ার সময় বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। তারা আমাদের নেতা-কর্মীদের ধাওয়া দিয়েছে। আমাদের নেতা-কর্মীরা তাদের প্রতিহতের চেষ্টা করেছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে থানায় এজাহার দিয়েছি। আশাকরি প্রশাসন ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ তারা যেন ব্যবস্থা নেয়।
সংবাদ সম্মেলনে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাসেম বাবুলসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৫ নেতা-কর্মীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন মো. মোশারাফুল হক চৌধুরী পাভেল নামে এক ছাত্রলীগ নেতা।