উদয় কুসুম বড়ুয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

1

নিজস্ব প্রতিবেদক

বিএনপির কেন্দ্রীয় নেতা উদয় কুসুম বড়ুয়ার বহিস্কারাদেশ প্রত্যাহার হয়েছে। গতকাল শুক্রবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পত্রে তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ ফিরিয়ে দেয়া হয়েছে। তার আবেদনের প্রেক্ষিতে দল এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এরমধ্য দিয়ে প্রায় ৩ মাস পর দলে ফিরে এলেন তিনি।
পত্রে বলা হয়েছে, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে উদয় কুসুম বড়ুয়াকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছিল। তাঁর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
পত্রে আরও বলা হয়েছে, এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে চলুন এবং দলকে শক্তিশালী ও গতিশীল করতে সক্রিয় অংশগ্রহণ করুন।
উদয় কুসুম বড়ুয়াকে চলতি বছরের ৩১ আগস্ট দল থেকে বহিস্কার করা হয়। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বহিস্কারের প্রধান কারণ ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জোবরা এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে শিক্ষার্থীদের ‘সন্ত্রাসী’ বলে আখ্যায়িত করা এবং ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়া। উদয় কুসুম বড়ুয়া স্থানীয় বাসিন্দা হিসেবে স্থানীয়দের পক্ষ নিয়ে বক্তব্য দেন, যা কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে তাঁর দায়িত্বের সঙ্গে সাংঘর্ষিক হয়।