উচ্চ মাধ্যমিকের নির্বাচনী পরীক্ষা ‘আপাতত’ নয়

1

পূর্বদেশ ডেস্ক

উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা এখনই না নিতে কলেজগুলোকে নির্দেশ দিচ্ছে শিক্ষা বোর্ডগুলো। কলেজগুলোকে আপাতত নিয়মিত ক্লাস চালানোর নির্দেশনা দিয়ে বলা হচ্ছে, কবে নাগাদ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষাবর্ষের নির্বাচনী পরীক্ষা নিতে হবে তা বিজ্ঞপ্তি আকারে জানানো হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন হায়দার গতকাল রবিবার দুপুরে বলেন, ‘ফেব্রæয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, এই দোহাই দিয়ে বহু কলেজ এখনই (নভেম্বরে) দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা আয়োজন করছে। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার আগে পর্যাপ্ত সময় পাচ্ছে না। তাই আমরা কলেজগুলোকে আপাতত নির্বাচনী পরীক্ষা না নিয়ে নিয়মিত ক্লাস চালিয়ে যেতে বলেছি’।
২০২৬ সালের শুরুর দিকে নির্বাচনী পরীক্ষা আয়োজন করা হতে পারে ধারণা দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহŸায়ক কামাল উদ্দিন বলেন, ‘নির্বাচনী পরীক্ষা কবে হবে তা আমরা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেব’।
গতকাল রবিবার ঢাকা বোর্ড থেকে কলেজগুলোকে আপাতত নির্বাচনী পরীক্ষা আয়োজন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সবগুলো শিক্ষা বোর্ডই এ নির্দেশনা দেবে বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রুনা নাছরীন। তিনি রবিবার দুপুরে বলেন, ‘আমরাও (কুমিল্লা বোর্ড) আপাতত দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার আয়োজন না করতে কলেজগুলোর জন্য নির্দেশনা জারি করছি। কিছুক্ষণের মধ্যে এ নির্দেশনা জারি হবে। অন্যান্য শিক্ষা বোর্ডও একই নির্দেশনা দেবে’।
২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছিল, যার ফল প্রকাশ হয়েছিল মার্চে। এরপর ২৬ জুন থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়।