উগ্র ধর্মান্ধ গোষ্ঠী বাউলদের ওপর হামলা করছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা জানান। বাউলদের উপর একের পর এক হামলার মধ্যে সবশেষ বুধবার ঠাকুরগাঁওয়ে হামলার ঘটনা ঘটেছে। শহরের কোর্ট চত্বরে এই হামলায় দুই বাউল আহত হয়েছেন। ঠাকুরগাঁওয়ে বাউলরা সারাদেশে বাউলদের উপর হামলার প্রতিবাদ জানাতে জড়ো হচ্ছিলেন। খবর বিডিনিউজের
এদিন রাজনৈতিক কাজে নিজের নির্বাচনি এলাকায় ছিলেন বিএনপি মহাসচিব। বিকালে তিনি ঠাকুরগাঁও জেলা বিএনপির নবনির্মিত নতুন ভবনের উদ্বোধন করেন। তখন সাংবাদিকরা শহরে বাউলদের উপর হামলার ব্যাপারে তার প্রতিক্রিয়া জানতে চান। জবাবে মির্জা ফখরুল বলেন, বাউলদের ওপর হামলা এটা একটা ন্যক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই।
এটা ডেফিনেটলি বাংলাদেশের যে আবহমান সংস্কৃতি, গ্রামীণ-বাংলার সংস্কৃতি, আমাদের বাউল যারা বাংলাদেশের মাঠে-ঘাটে পথে-প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ায়, তাদের ওপর হামলাটা আমি উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি। এ ধরনের হিংসা-প্রতিহিংসার পথ বেছে নেওয়া কারও জন্য শোভনীয় নয়। এ সময় তিনি ঢাকার কাকরাইল বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে সরকারকে দাঁড়ানোর আহবান জানান।
বিএনপির মহাসচিব বলেন, আমরা আহবান করি এই সরকারকে- যারা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্রুত সময়ে তাদের পাশে দাঁড়িয়ে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করার। সেই সঙ্গে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে প্রকৃত ঘটনাকে বের করে যদি কেউ জড়িত থাকে তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি। তিনি বলেন, যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে থাকে তাদের কিছু গাফিলতির কারণেই এমন ঘটনা ঘটে থাকে। তাই সত্যিকার অর্থ যদি আইনের প্রয়োগ হয়, যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকে তাহলে এগুলো হবে না বলে মনে করি। এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী উপস্থিত ছিলেন।











