‘ইসলামী শ্রম নীতি ন্যায্য অধিকার পাওয়ার গ্যারান্টি’

1

বায়তুশ শরফ মজলিশুল ওলামা বাংলাদেশের মহাসচিব, মুফাচ্ছিরে কুরআন মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, পৃথিবীতে দু’টি সংবিধান আছে-একটি আল্লাহ প্রদত্ত, অপরটি মানব রচিত। মানব রচিত সংবিধান মতবাদ বঞ্চিত মানুষদের অধিকার দিতে আজ পৃথিবীতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। তাই আল্লাহ প্রদত্ত সংবিধান আল-কুরআন অবতীর্ণ হওয়ার পর মানব রচিত সংবিধানের মধ্যদিয়ে শান্তি ও মুক্তির আশা করা সরাসরি কুফ্রী ও খোদাদ্রোহীতার শামিল। তিনি বলেন, মানবতার নবী রসুলে করিম (স.) মদিনায় ইসলামী রাষ্ট্রের মাধ্যমে যে শাসন ব্যবস্থা প্রবর্তন করেছেন সেটিই হচ্ছে শান্তি ও মুক্তির একমাত্র গ্যারান্টি। কারন আল-কুরআনই হচ্ছে ইসলামী শরীআর মূল উৎস। সকল মানবগোষ্ঠির মুক্তির সনদ এবং বঞ্চিত ও পথভ্রষ্ট মানুষদের একমাত্র হিদায়ত। তিনি ২১ নভেবর রাতে নগরীর শেরশাহ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজিদ বোস্তামী থানা শাখা আয়োজিত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজীদ থানা শাখার সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন আবদুর রব। বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এসএম লুৎফর রহমান।
তাফসীর করেন মাওলানা এম আমানত উল্যাহ, শেরশাহ বায়তুল মামুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মদ মুযযাম্মিলুল হক, বাড়বকুন্ড বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মুহাম্মদ আল-আমীন প্রমুখ। বিজ্ঞপ্তি