লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে অবৈধভাবে চাকরিচ্যুত বৃহত্তর চট্টগ্রামের পাঁচ হাজার পাঁচ শতাধিক কর্মকর্তা-কর্মচারীর পুনর্বহালের দাবিতে লোহাগাড়া-সাতকানিয়ার ব্যাংকার পরিবারসহ সর্বস্তরের জনসাধারণের আয়োজনে শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ ডিসেম্বর সকালে উপজেলার বটতলী স্টেশনে ইসলামী ব্যাংক লোহাগাড়া শাখা সংলগ্ন আরকান সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা সাইফুল আরমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চাকরিচ্যুতদের মধ্যে নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, আসাদুল্লাহ, মো. আব্দুল করিম, আজিজুল হক, মোহাম্মদ সোলাইমান, মিশকাতুল ইসলাম ও পারভেজ রোহান প্রমুখ।
বক্তারা বলেন, ৫ আগস্টের পর হঠাৎ ইসলামী ব্যাংক পিএলসি থেকে আমাদের কোন ধরনের নোটিশ ছাড়া চ্যকরিচ্যুত করে যা অত্যন্ত দুঃখজনক। আমরা সকল প্রকার বৈধ ডকুমেন্টের মাধ্যমে চাকরিতে যোগদান করি। বর্তমানে আমাদের যে কোন সরকারি চাকরিতে আবেদন করার বয়স শেষ হয়ে গিয়েছে। বর্তমানে আমরা বেকার পরিবার-পরিজন নিয়ে অত্যন্ত কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছি।
পরিবারের মধ্যে চলছে অভাব-অনটন, ছেলে-মেয়েদের লেখা পাড়ার খরচ যোগাতে হিমশিম খাচ্ছি, তাই চাকরি আমাদের পুনর্বহাল করা প্রয়োজন। মানববন্ধনে চাকরিচ্যুত ব্যাংকারদের পরিবার-পরিজন, লোহাগাড়া-সাতকানিয়া অঞ্চলের সাধারণ মানুষসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
অংশগ্রহণকারীরা আরোও বলেন, দীর্ঘদিন ব্যাংকে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করার পর বিনা কারণে একযোগে এভাবে চাকরিচ্যুতি কোনোভাবেই মানবিক নয়। এতে হাজারো পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে। তদন্ত কমিটি গঠন এবং বৈধতার ভিত্তিতে সকলকে পুনর্বহাল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আবেদন জানান তারা।










