পূর্বদেশ ক্রীড়া ডেস্ক
সিলেটে অনুষ্ঠিত বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টে ইনিংসসহ ৪৭ রান ব্যবধানে আইরিশদের হারিয়েছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। গতকাল শুক্রবার ছিল সিলেট টেস্টের চতুর্থ দিন। শান্তদের দেয়া বিশাল রানের চ্যালেঞ্জ নিয়ে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের খেলোয়াড়রা তাদের দ্বিতীয় ইনিংসে সব উইকেট হারিয়ে ২৫৪ রান তুলতে সমর্থ হয়। ফলে এক ইনিংস আরো ৪৭ রানের ব্যবধানে হেরে যায় তারা। আইরিশরা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছিল ২৮৬ রান। এরপর টাইগাররা ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষনা দেয়। ফলে টাইগারদের লিড দাঁড়ায় ৩০১ রান। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ ১৭১ রান করেছেন মাহমুদুল হাসান জয়। এছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তুলে নেন ক্যারিয়ারের অষ্টম টেস্ট শতক।
তবে ১০০ রান করেই থামেন ম্যাকব্রাইনের বলে। আইরিশদের হয়ে হাম্প্রেস ৫ উইকেট, ব্যারি ম্যাকার্থি নেন ২ উইকেট এবং একটি উইকেট পেয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। ৩০১ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা আইরিশরা মাত্র ২৫৪ রানেই গুঁটিয়ে যায়। ফলে একদিন হাতে রেখেই ইনিংস এবং ৪৭ রানে জয় লাভ করে টাইগাররা। বাংলাদেশের হয়ে এই ইনিংসে সর্বোচ্চ ৪ উইকেট পেয়েছেন হাসান মুরাদ। ৩টি তাইজুল ইসলাম ও দু’টি পেয়েছেন নাহিদ রানা।










