ইউরোপের চার সংগঠনকে ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

2

জার্মানি, ইতালি ও গ্রিসের চার সংঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। বামপন্থি ফ্যাসিবাদ-বিরোধী ‘অ্যান্টিফা’ আন্দোলনের সঙ্গে যোগ থাকায় সংগঠনগুলোকে ‘বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী’র তকমা দেওয়া হয়েছে। এসব সংগঠন ‘হিংসাত্মক অ্যান্টিফা গোষ্ঠী’ বলে অভিযোগ করা হয়েছে। গত বৃহস্পতিবার নেওয়া যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপ প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অ্যান্টিফা আন্দোলনকে নির্মূল করার পথে আরেকটি ধাপ।
নতুন ‘সন্ত্রাসী গোষ্ঠী’র তালিকাভুক্ত হওয়া ইউরোপের চার সংগঠন হলো জার্মানির অ্যান্টিফা অস্ট, ইতালির ইনফর্মাল অ্যানার্কিস্ট ফেডারেশন/ইন্টারন্যাশনাল রেভল্যুশনারি ফ্রন্ট (এফএআই/এফআরআই), গ্রিসের প্রোলেতারিয়ান জাস্টিস এবং রেভল্যুশনারি ক্লাস সেলফ-ডিফেন্স। এটিও গ্রিসের সংগঠন। খবর বিডিনিউজের
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, তিনি এই সংগঠনগুলোকে ‘বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী’ হিসাবে চিহ্নিত করতে চান, যা আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে অন্যান্য গোষ্ঠীগুলোকেও টার্গেট করবে বলেও সতর্ক করেছেন রুবিও।
তিনি বলেন,‘এই আন্দোলনে জড়িত সংগঠনগুলো বিপ্লবী নৈরাজ্যবাদী বা মার্কসবাদী মতাদর্শে বিশ্বাসী বলে জাহির করে, যার মধ্যে রয়েছে আমেরিকা-বিরোধিতা, পুঁজিবাদ-বিরোধিতা এবং খ্রিস্টধর্ম-বিরোধিতা। এগুলোকে কাজে লাগিয়ে তারা দেশের ভেতরে এবং বাইরে সহিংস আক্রমণ উস্কে দেয় এবং একে ন্যায্যতা দেয়’।