লোহাগাড়া প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার প্রাণকেন্দ্র আমিরাবাদ স্টেশনের পাশ দিয়ে বয়ে গেছে বোয়ালিয়া খাল। শত শত অবৈধ স্থাপনা নির্মাণ করে দখল ও বর্জ্য ফেলে দূষণের কারণে খালটি বর্তমানে অস্তিত্ব সংকটে। দূষণের কারণে বোয়ালিয়া খাল থেকে মাছ ও জলজ প্রাণী প্রায় বিলুপ্ত হয়ে গেছে। পানির রং কালো হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। খালটি বর্তমানে মশার অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জন্য বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে মশাবাহী নানা রোগ। খালটি রক্ষায় এবার গঠন করা হয়েছে ‘বোয়ালিয়া খাল রক্ষা কমিটি’। স্থানীয় বাসিন্দাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে ১৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আব্দুল্লাহ মো. শরীফকে আহ্বায়ক ও মো. এমরানকে সদস্য সচিব করা হয়। এছাড়াও রেহেনা আক্তারকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রাজিন আহমদকে যুগ্ম আহ্বায়ক এবং ফায়জাত উল্লাহ্কে যুগ্ম সদস্য সচিব করা হয়েছে। সংবাদ সম্মেলনে স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুদুর রহমান, ইলিয়াস হোসেন, শহিদুল ইসলাম, এএইচ টিপু, জসিম উদ্দিন, হাবিবুল্লাহ মিজবাহ্ প্রমুখ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল্লাহ শরীফ বলেন, উপজেলার গুরুত্বপূর্ণ বোয়ালিয়া খালটির দখল ও দূষণের পরিণতি হবে খুবই ভয়াবহ্। অবিলম্বে খালটি দখল ও দূষণমুক্ত করে স্বরূপে ফিরিয়ে আনার লক্ষ্যে এই কমিটির যাত্রা শুরু হলো।










