পূর্বদেশ ডেস্ক
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাতে গেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, আরব আমিরাতের এয়ার ফোর্স কমান্ডারের শনিবার ঢাকা ত্যাগ করেন হাসান মাহমুদ খাঁন।
২০ নভেম্বর পর্যন্ত এই সফরে তিনি দুবাইয়ে অনুষ্ঠেয় ইন্টারন্যাশনাল এয়ার চিফস কনফারেন্স এবং দুবাই এয়ার শোতে অংশ নেবেন। খবর বিডিনিউজের।
এছাড়া তিনি বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান ও ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক ব্যক্তিদের সঙ্গে ‘পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে’ আলোচনা ও মতবিনিময় করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আইএসপিআর বলছে, বিমান বাহিনীর প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান ‘সৌহার্দ্যপূর্ণ’ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে বলে আশা করা হচ্ছে।
সফর শেষে ২০ নভেম্বর দেশে ফেরার কথা রয়েছে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের।











