ইউএই প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী যুবক রুবেল আহমদ (৩৫) মৃত্যুবরণ করেছেন। বিগত ১০ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন তিনি। শুক্রবার রাতে আবুধাবির মাফরাক হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
নিহত রুবেল আহমদের বাড়ি সিলেটের মোগলাবাজার উপজেলার কলদিয়ার চর গ্রামে। তাঁর বাবার নাম মনফর আলী। রুবেল স্থানীয় ‘ক্লিক ডেলিভারি সার্ভিস’ কোম্পানিতে কর্মরত ছিলেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহীদ জানান, গত ১৯ নভেম্বর রাত সাড়ে বারোটার দিকে মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকার কাছে ফুড ডেলিভারি দেওয়ার সময় রুবেলের মোটরবাইককে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয়। একই সঙ্গে অন্য একটি ডেলিভারি কোম্পানির মিশরীয় রাইডারও ট্রাকটির ধাক্কায় দুর্ঘটনার শিকার হন। ঘটনাস্থলেই ওই মিশরীয় রাইডারের মৃত্যু হয়। রুবেলকে গুরুতর আহত অবস্থায় তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করে এবং পাকিস্তানি বংশোদ্ভূত ট্রাকচালককে আটক করে।
গত পাঁচ বছর ধরে আবুধাবিতে বসবাস করছিলেন রুবেল আহমদ। দেশে তাঁর স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বর্তমানে তাঁর লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। ইউএই জাতীয় দিবসের ছুটি শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ দেশে পাঠানো হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।











