আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় সেরা হোল্ডিং ট্যাক্স দাতাদের সম্মাননা ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিকভাবে বৈরাগ ও চাতরী ইউনিয়ন নিয়ে এটি অনুষ্ঠিত হয়। স্থানীয় দুই ইউনিয়ন পরিষদের সহযোগিতায় উপজেলা পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। দুই ইউনিয়নে মোট ৮ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সেরা করদাতার সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে বৈরাগ ইউনিয়নে সেরা করদাতাদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন কাফকো হাউজিং কলোনি। চাতরী ইউনিয়নে সেরা করদাতাদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন শেভরণ ডায়াগনস্টিক সেন্টার। এবারের প্রত্যেক ইউনিয়নের আদায়কৃত হোল্ডিং ট্যাক্স থেকে এক লক্ষ দশ হাজার টাকা করে নিয়ে সেরা করদাতা ও ১১০ টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাগ বিতরণ করা হচ্ছে।
গতকাল প্রাথমিকভাবে বৈরাগ ও চাতরী এ দুই ইউনিয়নে সম্মাননা ও স্কুল ব্যাগ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নে এভাবে সম্মাননা ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আকতার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, উপজেলা শিক্ষা অফিসার হিন্দুল বারী প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আকতার বলেন, মানুষ এখনো হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে সচেতন নয়। হোল্ডিং ট্যাক্স না দিলে জরিমানার বিধান রয়েছে। এ হোল্ডিং ট্যাক্স জনগণের কল্যাণেই ব্যয় করা হবে। জনসাধারণের প্রশ্ন এ টাকা প্রশাসন কী করে। আজকে প্রত্যেক ইউনিয়ন থেকে এক লক্ষ দশ হাজার টাকা করে নিয়ে ১১০ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হচ্ছে। পাশাপাশি সেরা হোল্ডিং ট্যাক্স দাতাদের সম্মাননা দেওয়া হচ্ছে।










