আনোয়ারা প্রতিনিধি
জনসচেতনতা বৃদ্ধি, আধুনিক প্রাণিসম্পদ প্রযুক্তি ও সেবাসমূহ জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে আনোয়ারা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর সকালে আনোয়ারা পুরাতন কোর্ট বিল্ডিং মাঠে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
আনোয়ারায় আয়োজিত প্রদর্শনীতে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ড. সমরঞ্জন বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। অনুষ্ঠানে তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখছে। নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে খামারিদের আরও আধুনিক হতে হবে। সরকার এই খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে। প্রদর্শনীতে স্থানীয় খামারি, দুগ্ধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, মুরগি ও হাঁসের খামার, ছাগল ও গরুর উন্নত জাত প্রদর্শন, ভেটেরিনারি সেবা, পশুখাদ্যের মান উন্নয়ন এবং রোগ প্রতিরোধ সংক্রান্ত স্টলগুলো ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষসহ বিভিন্ন প্রতিষ্ঠান, কৃষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। খামারিদের আধুনিক পদ্ধতিতে গবাদিপশু লালন, রোগ নির্ণয় পদ্ধতি, প্রাণির পুষ্টি ও ব্যবস্থাপনা বিষয়ে বিশেষজ্ঞরা পরামর্শ দেন।










