আনোয়ারায় গণপিটুনিতে যুবকের মৃত্যু

1

আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় স্থানীয়দের গণপিটুনিতে করিম উদ্দিন (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পাটনীকোঠা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত করিম উদ্দিন বাঁশখালী উপজেলার জলদি ৫নং ওয়ার্ডের কালুমিয়ার বাড়ির বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, স্থানীয় নুর মোহাম্মদের বাড়িতে গরু চোরের দল হানা দেয়। এসময় ভোর ৬টার দিকে চোরের উপস্থিতি টের পেয়ে ধাওয়া দেয় পরিবারের সদস্যরা। ধাওয়া খেয়ে ২ জন চোর পালিয়ে গেলেও ১ চোরকে ধরে ফেলে স্থানীয়রা। এসময় গণপিটুনিতে তার মৃত্যু হয়।
এ বিষয়ে আনোয়ারা থানার সেকেন্ড অফিসার এসআই এমদাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি তার (করিম উদ্দিন) মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন চুরির দায়ে গণপিটুনির মাধ্যমে তার মৃত্যু হয়েছে। তবে সঠিক কারণ জানতে এবং এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের তদন্ত চলমান রয়েছে। মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।