ধ্যান আমাদের দুটি জিনিস দেয়: আত্ম-নিয়ন্ত্রণ ও আত্ম-রূপান্তর। এই দুটো একসঙ্গেই চলে। যখন আমরা ধ্যান করি, তখনই আত্ম-নিয়ন্ত্রণের সূচনা ঘটে; আর আত্ম-নিয়ন্ত্রণ এলেই আমরা আর কুৎসিত বা অশুভ চিন্তাকে ধরে রাখতে পারি না, অজ্ঞতার ভেতরে থাকতে পারি না। তখনই বুঝি, আমাদের ভেতরে রূপান্তর ঘটছে। ধ্যান ক্রমাগত আমাদের আত্ম-রূপান্তরের বার্তা দিয়ে যায়।
রিলিজিয়নস ফর পিস (আরএফপি) বাংলাদেশ চ্যাপ্টার আয়োজিত ’ধ্যান’ শীর্ষক অনুষ্ঠানে প্রদত্ত বক্তৃতায় এসব কথা বলেন চট্টগ্রামস্থ শ্রী চিন্ময় সেন্টারের পরিচালিকা শান্তিশ্রী ম্যাকগ্রাথ। ‘মনের প্রশান্তিতে গড়ি হৃদয়ের বন্ধন’ শীর্ষক এই আয়োজন ২৮ নভেম্বর বিকালে চট্টগ্রাম এলিট ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে আরএফপি এশিয়া (এসিআরপি) এর সাবেক সেক্রেটারি জেনারেল অকাল প্রয়াত রেভারেন্ট ড. নবহিরো নেমেতোর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। আরএফপি বাংলাদেশ এর সেক্রেটারি জেনারেল প্রফেসর ড. মাছুম আহমেদ এর সূচনা বক্তব্য ও সঞ্চালনায় অনুষ্ঠানে ধ্যান পরিচালনা করেন শান্তিশ্রী ম্যাকগ্রাথ।
আরএফপি বাংলাদেশ এর সদস্যদের জন্য আয়োজিত এ ধ্যানানুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তৃতা করেন নির্বাহী কমিটির সভাপতি প্রফেসর ড. সুকান্ত ভট্টাচার্য। উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ কবি বিশ্বজিৎ বড়ুয়া, যুগ্ম সম্পাদক প্রিন্সিপাল দেবপ্রিয় বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফারুক তাহের, নির্বাহী সদস্য প্রফেসর রণজিৎ কুমার দে, প্রফেসর ড. এন এইচ এম আবু বকর, প্রফেসর জসিম উদ্দীন, প্রফেসর সুজন কান্তি বিশ্বাস, রেভারেন্ট কাঞ্চন বড়ুয়া, অধ্যাপক মিশকাতুল মমতাজ মুমু, সাংবাদিক জিতেন বড়ুয়া, সমাজকর্মী মুক্তা চক্রবর্তী, শান্তিকর্মী জয়মালা বড়ুয়া, এলি রানী বড়ুয়া, ইনতিসার বিন ইসমাইল, পিংকী চক্রবর্তী প্রমুখ। বিজ্ঞপ্তি











