নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সুলতানুল আলম চৌধুরী (৫৭) নামে বন বিভাগের এক রেঞ্জ কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। অবৈধভাবে সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছিল দুদক।
সুলতানুল আলম বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডীর মধ্যম কড়লডেঙ্গা এলাকার মৃত আজহারুল হক চৌধুরীর ছেলে। তিনি বর্তমানে ফেনী জেলার দাগনভ‚ঞায় রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পটিয়া রেঞ্জে দায়িত্ব পালন করেছেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি বলেন, জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অবৈধভাবে অর্জন করে ভোগদখলের অভিযোগে দুদকের মামলায় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা সুলতানুল আলম চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে জামিন মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে আসামি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন নিয়েছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় গতকাল আদালতে আত্মসমর্পণ করে পুনরায় জামিনের আবেদন করেন।










