অনুমোদন পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

4

পূর্বদেশ ডেস্ক

একীভূত করার প্রক্রিয়ায় থাকা শরীয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের দায়িত্ব নিতে লাইসেন্স পেল ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’। গতকাল বোববার বাংলাদেশ ব্যাংকের পরিচালক পর্ষদে এ লাইসেন্স অনুমোদন দেওয়া হয়। নতুন ব্যাংকটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাবেক সচিব মোহাম্মদ আইয়ুব মিয়া। খবর বিডিনিউজের।
কেন্দ্রীয় ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, লেটার অব ইনটেন্ট এর শর্ত মোতাবেক সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস-এ নিবন্ধিত হয়েছে এবং ব্যাংকটির পরিশোধিত মূলধন হিসেবে নির্ধারিত ৩৫ হাজার কোটি টাকার মধ্যে সরকারের অংশ ২০ হাজার কোটি টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। খবর বিডিনিউজের।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক একীভ‚ত হওয়ার পর দুই লাখ টাকা পর্যন্ত আমানত ‘শিগগিরই’ পরিশোধ করা হবে। এর চেয়ে বেশি অঙ্কের অর্থ পরিশোধে স্কিম প্রকাশ করা হবে।
আর্থিক সংকটে জেরবার শরিয়াহভিত্তিক এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত করতে ইতোমধ্যে প্রশাসক বসিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ৫ নভেম্বর পাঁচ ব্যাংকের সব শেয়ার শূন্য ঘোষণা করা হয়।
বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করলে পাঁচ ব্যাংককে ধীরে ধীরে আত্মীকরণ করবে সম্মিলিত ইসলামী ব্যাংক।
প্রাথমিকভাবে নতুন ব্যাংকটি থাকবে রাষ্ট্রীয় মালিকানায়। পরে পর্যায়ক্রমে বেসরকারি খাতে মালিকানা হস্তান্তর করা হবে। এই পুরো প্রক্রিয়া সেরে ব্যাংকটি বেসরকারি খাতে দিতে পাঁচ বছরের মত সময় লাগতে পারে বলে সরকার ধারণা করছে।
সরকার আশ্বাস দিয়েছে, ব্যাংকগুলো একীভূত করার ফলে কর্মীদের কেউ চাকরি হারাবেন না; কোনো আমানতকারীও তার আমানত হারাবেন না।
তবে পাঁচ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বেতন, ভাতাসহ সব ধরনের সুবিধা ইতোমধ্যে কমানোর উদ্যোগ নিয়েছেন প্রশাসকরা।