নিজস্ব প্রতিবেদক ও সন্দ্বীপ প্রতিনিধি
সন্দ্বীপে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, গত ১৬ বছর ধরে অনিয়ম-দুর্নীতি ছিল এবং এখনও রয়েছে। এর জেরে উপজেলার প্রকৃত উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।
গতকাল রবিবার দুপুরে উপজেলা প্রশাসন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, উপজেলা প্রকৌশলীসহ বিভিন্ন কর্মকর্তা উন্নয়নের বরাদ্দ ভাগবাটোয়ারা করে নয়-ছয় করছেন। আগের বরাদ্দে রাস্তার কাজ শেষ না হলে নতুন বরাদ্দ প্রদান করা হবে না।
সভায় স্থানীয়দের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার আহবান প্রসঙ্গে তিনি বলেন, আমার বয়স ৭৩ বছর। নতুন রাজনৈতিক দলে যোগদান বা প্রার্থী হওয়ার কোনো ইচ্ছা নেই। আগামী নির্বাচন হবে স্বচ্ছ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সন্দ্বীপের জন্য যোগ্য, তরুণ ও সৎ ব্যক্তিকেই আপনারা নির্বাচিত করবেন।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সড়ক, বিদ্যুৎ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার, সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। সভা পরিচালনা করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা।
সভায় বক্তারা মাদক ও সন্ত্রাস দমন, আইনশৃঙ্খলা উন্নয়ন, সরকারি হাসপাতালে চিকিৎসক পদায়ন, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, জেগে ওঠা চরের সীমানা নির্ধারণ, সন্দ্বীপ চ্যানেলে নৌ যাতায়াতের দুর্ভোগ দূরীকরণ, কৃষিপণ্যের পরিবহনে খাল খনন এবং অভ্যন্তরীণ সড়ক উন্নয়নের দাবি জানান। গুপ্তছড়া ফেরীঘাটে নাব্যতা সংকট নিরসনে বিআইডব্লিউটিএ’র ব্যর্থতারও সমালোচনা করা হয়।
উপদেষ্টা ফাওজুল কবির খান সভায় বিদ্যুৎ সংযোগ সম্প্রসারণে অতিরিক্ত ২০০ বিদ্যুৎ খুঁটি বরাদ্দ, আগামী ডিসেম্বর থেকে নতুন একটি সি ট্রাক চালুর ঘোষণা, গুপ্তছড়া ঘাটে স্থায়ী নাব্যতা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন। তিনি চিকিৎসক ও শিক্ষকদের সন্দ্বীপে কাজ করতে উৎসাহিত করার আহবান জানান।
পরিদর্শন কার্যক্রমের আগে শনিবার তিনি নৌপরিবহন, সড়ক বিভাগ ও পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন।











