বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহাজাহান বলেছেন, দেশের অখন্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতের কর্মীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেন, শুধু পাহাড়ি অঞ্চল নয়, দেশের প্রতি ইঞ্চি জমির বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র হলে জামায়াত দৃঢ়ভাবে তা প্রতিহত করবে। দেশের স্বাধীনতা ও ভৌগোলিক অখন্ডতা রক্ষার প্রশ্নে তাদের অবস্থান সবসময়ই স্পষ্ট ও আপসহীন।
১৪ নভেম্বর রাতে নগরীর বেবি সুপার মার্কেটে অবস্থিত চট্টগ্রাম কনভেনশন সেন্টারে রাঙ্গামাটি আসনের নির্বাচনী প্রীতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা তুলে ধরেন। অনুষ্ঠানে জামায়াত নেতারা সমবেত কর্মীদের উদ্দেশে সংগঠনের নীতি, আদর্শ ও ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
রাঙ্গামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি বলেন, রাঙ্গামাটির মতো গুরুত্বপূর্ণ জেলায় শান্তি, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক প্রশাসন নিশ্চিত করতে একটি দক্ষ ও নিবেদিতপ্রাণ নেতৃত্ব প্রয়োজন। সেই লক্ষ্যেই তারা জনগণের পাশে থেকে সংগঠনের প্রচার ও সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর, পরিবেশবিদ নজরুল ইসলাম। তিনি বলেন, দেশের সম্পদ, পরিবেশ ও মানবিক মূল্যবোধ রক্ষায় জামায়াত দীর্ঘদিন ধরে কাজ করছে। পাহাড়ি এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার স্থায়ী শান্তি নিশ্চিত করতে তারা উন্নয়নমুখী ভাবনা নিয়ে এগোতে চান।
কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য মাওলানা মোহাম্মদ জাফর সাদেক তাঁর বক্তব্যে বলেন, নির্বাচন সামনে রেখে জনগণের আস্থা অর্জনই এখন সবচেয়ে বড় লক্ষ্য। তিনি দাবি করেন, জামায়াতের প্রার্থী ও নেতারা সবসময় জনগণের কথা ভাবেন এবং তাদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকেন।
রাঙ্গামাটি পার্বত্য জেলা (আসন ২৪৯) থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক এডভোকেট মোক্তার আহমদ বলেন, রাঙ্গামাটি বহু সম্ভাবনার জেলা। কিন্তু সুষ্ঠু নেতৃত্বের অভাবে উন্নয়নের পথে নানা বাধা রয়ে গেছে। তিনি প্রতিশ্রুতি দেন, সুযোগ পেলে তিনি এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কাজ করবেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মনসুরুল হক। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মজলিসে সুরার সদস্য ও পাঁচটা থানা জামাত ইসলামের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমি, উপজেলা জামাতের আমির মাওলানা নাসির উদ্দিন, কাপ্তাই উপজেলা জামাতের আমির হারুন অর রশিদ, কাউখালী সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক তালুকদার, রাঙ্গামাটি জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রবিউল ইসলাম, সাবেক জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবুল কালাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুল কালাম। বিজ্ঞপ্তি











